শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে না: নয়াদিল্লি
গনঅভ্যুত্থানের মুখে দুই বছর আগে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই বাংলাদেশের কাছে হস্তান্তর বা প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে শেখ হাসিনা নিজ উদ্যোগে বাংলাদেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্যও বাংলাদেশকে অনুরোধ করেছে ভারত।
ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে
গত সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় এক মাস আগে ভারতের গোয়েন্দা বাহিনীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফর করে। সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয় এবং তাকে প্রত্যর্পণের প্রসঙ্গ উঠে আসে।
প্রতিবেদনের দাবি, বৈঠকে ভারতীয় গোয়েন্দা প্রতিনিধিদল বাংলাদেশের কর্মকর্তাদের স্পষ্টভাবে জানায়, নয়াদিল্লি এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে না। এমনকি কোনো অবস্থাতেই তাকে হস্তান্তর না করার বিষয়ে ভারতের অবস্থান জানানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রত্যর্পণ চুক্তির ব্যাখ্যা ভারতের
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এ অবস্থানের পেছনে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বিষয়টি গুরুত্বপূর্ণ। ভারতের ব্যাখ্যা অনুযায়ী, প্রত্যর্পণের অনুরোধ বিবেচনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচারিক প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।
অর্থাৎ, শুধু অভিযোগের ভিত্তিতে কাউকে হস্তান্তরের পরিবর্তে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ বিচারিক প্রক্রিয়া ও তার পরিণতি বিবেচনা করার বিষয়টি ভারতের অবস্থানের অংশ বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা হাসিনার
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, শেখ হাসিনা নিজেই আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। এ বিষয়ে ভারত সরকারও অবগত বলে উল্লেখ করা হয়েছে।
তবে তিনি দেশে ফিরলে তার সঙ্গে যেন কোনো ধরনের ‘অসম্মানজনক আচরণ’ করা না হয়, সে বিষয়েও ঢাকাকে সতর্ক করেছে ভারতীয় প্রতিনিধিদল।
আনন্দবাজারের দাবি, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গ্রেপ্তার হলে তার ব্যক্তিগত নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি। অর্থাৎ, তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হলেও তার নিরাপত্তা ও চিকিৎসার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করার বার্তা দিয়েছে ভারত।
তবে শেখ হাসিনা কীভাবে বা কোন পথে বাংলাদেশে ফিরবেন, সে বিষয়ে আওয়ামী লীগ এখনো কোনো চূড়ান্ত পরিকল্পনা করেনি বলে ভারতীয় গোয়েন্দাদের ধারণা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
