যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ ও জমজমাট কমিউনিটি ডে অনু‌ষ্ঠিত

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক: চট্টগ্রাম চ্যাম্পিয়ন, হবিগঞ্জ-সিলেট রানার্স-আপ; কাউন্সিলর, কমিউনিটি লিডার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা যুক্তরাজ্যের উত্তর লন্ডনের এনফিল্ডে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তৃতীয়বারের মতো ব্রিটিশ বাংলাদেশি কাপ ফুটবল টুর্নামেন্ট ও এনফিল্ড কমিউনিটি ডে ২০২৬। এনফিল্ড স্পোর্টিং কমিউনিটির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি ছিল পরিবার ও শিশুদের জন্য নানা বিনোদনমূলক আয়োজন।

গত রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত Latymer School Sports Grounds, N9 9TN-এ অনুষ্ঠিত এ আয়োজনে উত্তর লন্ডনের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক ব্রিটিশ বাংলাদেশি পরিবার, তরুণ-তরুণী, শিশু ও কমিউনিটি সদস্য অংশগ্রহণ করেন।

আঞ্চলিক ও জেলা-উপজিলা ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে চট্টগ্রাম দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হবিগঞ্জ-সিলেট দল রানার্স-আপ হয়। টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স ও দর্শকদের উচ্ছ্বাস পুরো মাঠকে উৎসবমুখর করে তোলে।

অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর, ক্যাবিনেট মেম্বার, কমিউনিটি লিডারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে আয়োজনের সৌন্দর্য ও গুরুত্ব আরও বাড়িয়ে দেন। তাঁরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার এমন উদ্যোগের প্রশংসা করেন।

ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি বাউন্সি ক্যাসেল, শিশুদের বিভিন্ন প্লে অ্যাক্টিভিটি, ফুড স্টল, আইসক্রিম ও ট্রিটস, পিকনিক ও রিল্যাক্স করার ব্যবস্থা থাকায় পুরো দিনটি পরিণত হয় একটি প্রাণবন্ত পারিবারিক উৎসবে। বিশাল খোলা মাঠে পরিবারের সদস্যদের নিয়ে অনেকে পিকনিকের আয়োজন করেন এবং বন্ধু-স্বজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটান।

আয়োজকদের পক্ষ থেকে পরিবারবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পার্কিং, খাবার ও বিনোদনের নানা সুবিধা রাখা হয়েছিল। ফলে শিশু থেকে শুরু করে প্রবীণ—সব বয়সী মানুষের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানটি হয়ে ওঠে উত্তর লন্ডনের অন্যতম আনন্দময় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আয়োজন।

অংশগ্রহণকারী পরিবার ও দর্শনার্থীরা বলেন, শুধু ফুটবল নয়, পুরো আয়োজনটি ছিল কমিউনিটির মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার একটি চমৎকার প্ল্যাটফর্ম। তারা এমন সুন্দর আয়োজনের জন্য এনফিল্ড স্পোর্টিং কমিউনিটির উদ্যোক্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এই আয়োজন আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে এবং ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলা, সংস্কৃতি ও কমিউনিটির প্রতি ভালোবাসা আরও গভীর হবে।

আরো