ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিয়ার, বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, তেজগাঁও বিভাগে ১৯৬ জন, মিরপুর বিভাগে ২৬৩ জন, গুলশান বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৪০ জন এবং গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেপ্তার করে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এ ছাড়া ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, ১৭০ পিস ইয়াবা, ৬ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল, একটি কলকী ও ১৪৯ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া, একটি মোটরসাইকেল, ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল, নয়টি মোবাইল ফোন ও নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
