দেশ গঠনে নতুন বার্তা দেবেন তারেক রহমান: এ জেড এম জাহিদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর বিএনপির সমাবেশ থেকে দেশ গঠনে নতুন বার্তা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ ও ১৫ সেপ্টেম্বর সমাবেশের প্রস্তুতি নিয়ে যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র দিবসে ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। সেই সমাবেশ হবে অন্যতম বৃহৎ সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ থেকে আগামী দিনের বাংলাদেশ পুনর্গঠনে তারেক রহমান অবশ্যই একটি বার্তা দেবেন।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শহীদদের স্মরণে ১৪ সেপ্টেম্বর বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের স্মরণ করতেই ১৪ সেপ্টেম্বরের সমাবেশ। সেখানে কথা বলবেন শহীদ পরিবারের সদস্যরা।
