কুমিল্লায় দফায় দফায় সংঘর্ষে একজন নিহত, আহত ১১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে কুমিল্লার দেবিদ্বারে আন্দোলনকারীদের সাথে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে দেবিদ্বার। এ সময় সংঘর্ষে মো. রুবেল (৩৪) নামের এক বাসচালক নিহত হয়েছেন।

রোববার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে দেবিদ্বার উপজেলা চত্বরে সংঘর্ষের সময় তিনি নিহত হন। রুবেল উপজেলার বারেক এলাকার বাসিন্দা ও প্রান্তি বাসের চালক ছিলেন। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহসান আলী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনের নামে দেবিদ্বার উপজেলার শিক্ষার্থীরা। এ সময় পৌরসভা ছাত্রলীগ-যুবলীগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এক দুর্বৃত্তের দায়ের কোপে আহত হন রুবেল। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার) সার্কেল শাহ মোস্তফা মো. তারিকুজামান বলেন, দুষ্কৃতিকারীরা উপজেলা পরিষদে হামলা চালায়। এসময় তারা ইউএনও’র কার্যালয়সহ বেশ কিছু স্থাপনায় হামলা চালানোর চেষ্টা করেন। একটি গাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহসান আলী বলেন, সহিংসতায় আহত ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে একজন মারা গেছে। দুইজন হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

আরো