৯ দফা থেকে ১ দফা: মোহাম্মদ তাজুল ইসলাম
২৮ অক্টোবর, ২০২৩ বিএনপি-জামাআতের মহাসমাবেশ পরবর্তী সময়ে জুলাই-২০২৪ পর্যন্ত রাজনৈতিক অঙ্গন নিথর, নিশ্চুপ নিরুত্তাপ হয়ে পড়ল। এক তরফা নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী আওয়ামীলীগ ছাড়া আর কেউ মাঠে নেই। ১ দলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত করা হল। বিরোধী নেতা-কর্মীরা চরম শঙ্কায়, নেতৃবৃন্দ জেলে অথবা আত্মগোপনে! ফ্যাসিবাদের কবল থেকে রেহাই পাবার আশা ছেড়ে দিয়ে আমরা ‘ইয়া নাফসি, ইয়া নাফসি করছিলাম ও ২০২৮/২০৪১ গুণছিলাম। দেশের অধিকাংশ মানুষ যখন হতাশ হয়ে বলতে লাগল- তাদেরকে হটানো বুঝি আর কোন ভাবেই সম্ভব নয়। তখনই মহান আল্লাহর ঘোষণা অনুযায়ী ‘কচি-কাচা ও শিশু শিক্ষার্থীদের মাধ্যমে’ গায়েবী মদদ আসল। শিক্ষার্থীদের ন্যায্য কোটার আন্দোলন, ৯ দফা সরকার পতনের ১ দফা আন্দোলনে পরিণত হলো। ৯ দফা ঘোষণার দিন সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ আমার বাসা থেকে বেরিয়ে যাবার প্রাক্কালে প্রশ্ন করেছিলাম- “তোমাদের শীর্ষ সমন্বয়কবৃন্দ গ্রেফতার, তোমরা নিরাপত্তার জন্য পালিয়ে বেড়াচ্ছ, তাহলে এই আন্দোলনের আল্টিমেট গোল কি? বলল- “মামা, আজই ৯ দফা ঘোষণা করা হবে, আমি না পারলে আরেকজন করবে, না পারলে পরেরজন”। আমি বললাম- দেখাও তোমার ৯ দফা। সে কাগজ কলম চেয়ে নিয়ে ৯ সেকেন্ডে ৯দফা লিখে আমাকে দিল। আমি তাকে বললাম- ১ দফা কোথায়? সে বলল- প্রথম দফাই সরকার পতনের ১ দফা। আমি স্তম্ভিত ও বাকরুদ্ধ হয়ে গেলাম। অতি সাধারণ একজন শিক্ষার্থীর মাঝে আমি যে পরিমাণ কমিটমেন্ট ও আত্মবিশ্বাস দেখেছি সত্যিই অবিশ্বাস্য। আমার মনে হয়েছে- কোন দক্ষ প্রশিক্ষকের অধীনে পর্যায়ক্রমিক শিক্ষা ছাড়া চরম প্রতিকুল পরিস্থিতিতে এমন ভূমিকা অসম্ভব।
আমার একমাত্র মেয়ের ঘরের নাতি মাসরুর আমিনের জন্ম ৪ জুলাই, ২০২৪। ১ সপ্তাহের মধ্যে আকীকা দেয়া হলেও জুলাই আন্দোলনের ঢামাঢোলে ও প্রাসঙ্গিক কারণে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়নি। অবশেষে ১৯ জুলাই, ২০২৪ শুক্রবার আত্মীয় স্বজন ও কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ জানানো হলো। সকল কেনাকাটা শেষ, বাড়তি একটি খাশি কেনা বাকী ছিল।
১৬ জুলাই বীরপুত্র আবু সাঈদের শাহাদাতের পর ঢাকা মহানগরীসহ সারাদেশ অস্বাভাবিক হতে শুরু করে ও রাজপথ পেটুয়া বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। ১৮ তারিখ পর্যন্ত আমার সহকর্মী শফিকসহ প্রায় প্রতিদিনই বাসা সংলগ্ন বসিলা ব্রিজ অথবা অফিসে যাওয়া আসার পথে শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনে শরীক হতাম।
১৯ জুলাই প্রত্যুষে টাউন হল যাবার পথে চরম অবস্থা বিরাজমান। বসিলা ব্রীজ থেকে তিন রাস্তা পর্যন্ত আন্দোলন চরমে, পুলিশের বেশ কিছু গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। সকালের আন্দোলনে ছাত্রদের তেমন দেখা না গেলেও শ্রমিকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। বসিলা থেকে একটি রিকশা নিয়ে কোনরকমে লাউতলা আসলাম।
সেখানে অভাবনীয় দৃশ্যের সম্মুখীন হলাম। পুলিশের গুলিতে নিহত ৩টি লাশ নিয়ে শ্রমিক ও স্বজনদের আহাজারি। টায়ার পুড়িয়ে, ইট-পাটকেল মেরে ও রাস্তায় ব্যারিকেড দিয়ে শ্রমিক জনতা মোহাম্মদপুর-বসিলা রোড অবরোধ করে রেখেছে। কয়েকটা গাড়ী ও মটর সাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে। আমি হেঁটে ৩ রাস্তা পাড় কোনরকমে টাউন হল গেলাম। সেখান থেকে বসিলা ফিরতেও অনেক বেগ পেতে হয়েছে।
যাহোক দুপুরে অতিথিদের আসার কথা থাকলেও চরম উত্তেজনাকর পরিস্থিতির কারণে অনেকেই আসতে পারলেননা। মহাসড়কে চলছে ছাত্র-জনতার আন্দোলন- আওয়ামী দলীয় ক্যাডার, পেশীশক্তি ও প্রশাসনের নির্বিচার গুলি, টিয়ারশেল ও আক্রমণ। কিভাবেই বা আসবে। আশেপাশের গুটিকয়েক আত্মীয়-স্বজন ছাড়া আর কেউ আসতে পারলেননা। অবশেষে সেই খাবার আন্দোলনকারীদের মাঝে বিতরণের ব্যবস্থা করে মহা তৃপ্ত হলাম।
বিকেল ৩.০০ টা থেকে বসিলা ব্রীজে আন্দোলনকারী ছাত্র-জনতার সাথে যোগ দিলাম। RAB অফিসের সামনে থেকে মুহুর্মুহু গুলি, টিয়ারশেল ও আক্রমণ। হেলিকপ্টার থেকেও গুলি ও গ্রেনেড মারা হচ্ছে। কয়েকজন স্পট ডেড, আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত এভাবে অবরোধ চলল, গলির ভিতরে ঢুকে বাড়ীতে বাড়ীতে আক্রমণ ও তল্লাশী চলল। প্রশাসন ও আওয়ামী দুবৃত্তদের যৌথ মহড়া চলল গভীর রাত পর্যন্ত। আমরা নতুন দিনের আলো দেখার অপেক্ষায় রইলাম।