একাত্তরের জন্য পাকিস্তান অনুশোচনা করবে, প্রত্যাশা শামা ওবায়েদর
একাত্তরে যা ঘটেছিল তার জন্য পাকিস্তান অনুশোচনা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ৭১-এ যা ঘটেছিল সেটার জন্য পাকিস্তান অনুতপ্ত। তারা এটা নিয়ে অনুশোচনা করবে এটাই আমরা আশা করব। পরের প্রজন্ম যারা তাদের তো সবার সঙ্গে সম্পর্ক রেখেই কাজ করতে হবে, আমরা কাজ করতে চাই।
তিনি বলেন, গত ১৭ বছরে একাত্তরের অনেক কিছুই আওয়ামী লীগের ইস্যু ছিল। ওইটাকে বাংলাদেশের ইস্যু বলে দয়া করে আপনারা ভালো সাংবাদিকতা করেন সেভাবে চালাবেন না। বিএনপি ৭১কে ধারণ করে, আসল অর্থেই ধারণ করে। ৭১কে বিএনপি কখনোই বেচার চেষ্টা করে নাই।
শামা ওবায়েদ বলেন, ৭১-এর চেতনাকে বেচার চেষ্টা করে নাই। বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছেন। আমাদের দলে বহু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে এবং আমরা মুক্তিযুদ্ধের যার প্রজন্ম, আমার বাবাও একজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।
তিনি বলেন, ৭১ আমাদের গর্ব, আমাদের জীবনের সঙ্গে মিশে আছে, আমাদের পথ চলায়। বিএনপির পররাষ্ট্রনীতি ‘সবার আগে বাংলাদেশ’—এটা তো আমি মনে করি, ৭১কে ধারণ করেই। বিএনপি সবসময় ৭১কে ধারণ করেছে, ৭১কে ব্যবহার করে জাতিকে বা দেশকে বিভক্ত করার চেষ্টা করে নাই। বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করে, লালন করে, পালন করে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের তো সামনের দিকে এগোতে হবে। আমরা সবার সঙ্গে কাজ করতে চাই। কিন্তু নিজেদের আত্মমর্যাদাকে বিসর্জন দিয়ে নয়। আমাদের সব দেশের সঙ্গেই সম্পর্ক থাকবে। পাকিস্তানের সঙ্গে, ভারতের সঙ্গে, চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে, আমেরিকার সঙ্গে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এমন দেশ যার সঙ্গে কারো কোনো শত্রুতা নাই। বাংলাদেশের কৌশলগত অবস্থান এরকম যে-বাংলাদেশের সঙ্গে অনেক দেশ ভালো সম্পর্ক রাখতে চায় তাদের লাভের জন্য।
ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ইসরায়েল যদি এমন কোনো পলিসিতে লিপ্ত থাকে যেটা আমার দেশের সংবিধানের পরিপন্থি বা আমার দেশে বিশ্বাসের পরিপন্থি, সেখানে তো অবশ্যই আমাদের সরকার বা আমাদের চিন্তাভাবনায় অন্য চিন্তা আসবে, তাই না?