গুরুতর আহত রোগীকে ‘নরমাল’ সার্টিফিকেট: বাগেরহাটে প্রতিবাদ সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে গুরুতর আহত এক রোগীকে ‘নরমাল’ (সাধারণ) আঘাতের সার্টিফিকেট দেওয়ার অভিযোগে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর বোন ইরানী বেগম।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২ মার্চ রাতে ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে বাহারুল সরদার, শিফাত সরদার, নাসির উদ্দিন শেখ, আমিরুল ইসলাম কুটি ও মোনসেব শেখ তার ভাই সোহানকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদেরও মারধর করা হয়।
তিনি জানান, ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ফলে হামলাকারীরা হত্যাচেষ্টা ব্যর্থ হয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা পরিবারকে হত্যার হুমকি দিয়ে যায়।
ইরানী বেগম আরও অভিযোগ করেন, আহত সোহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও সেখানে যথাযথ চিকিৎসা পাওয়া যায়নি এবং হাসপাতাল থেকে ‘নরমাল’ ইনজুরি সার্টিফিকেট দেওয়া হয়। পরবর্তীতে ফকিরহাট থানায় মামলা করতে গেলে রাজনৈতিক প্রভাবের কারণে তা গ্রহণ করা হয়নি। বাধ্য হয়ে আদালতে মামলা করা হলে আদালত বিষয়টি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের কাছে পাঠায়।
তিনি বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিরা পরিবারকে নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে, ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তরা এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখলের সঙ্গে জড়িত বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ইরানী বেগম দাবি করেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি থানা ও হাসপাতালের ভূমিকা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।