৫ বছরের মাল্টিপল ভিসা দিচ্ছে আমিরাত
সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ আরও সহজ করতে সব দেশের নাগরিকদের জন্য পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা চালু করেছে। এই ভিসার মাধ্যমে কোনো স্বাগতিক (স্পনসর) ছাড়াই একাধিকবার দেশটিতে প্রবেশ করা যাবে।
দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানিয়েছে, প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন আমিরাতে অবস্থান করা যাবে। প্রয়োজনে আরও ৯০ দিন মেয়াদ বাড়ানো যাবে। তবে এক বছরে মোট অবস্থানের সময় ১৮০ দিনের বেশি হতে পারবে না।
ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি
কমপক্ষে ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্টের অনুলিপি
ব্যাংক হিসাবে ন্যূনতম ৪ হাজার মার্কিন ডলার থাকার প্রমাণসহ ব্যাংক স্টেটমেন্ট
বৈধ স্বাস্থ্যবিমার (হেলথ ইন্স্যুরেন্স) কাগজপত্র
যাওয়া-আসার বিমান টিকিট
কর্তৃপক্ষের আশা, নতুন এই ভিসা চালুর ফলে পর্যটকদের জন্য সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাইয়ে বারবার ভ্রমণ আরও সহজ হবে।