জন্মসনদে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: জন্মসনদের মাধ্যমে কিশোর ও শিক্ষার্থীদের ডিজিটাল অ্যাকাউন্ট খোলার পথ সহজ করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের (বিডিআরআইএস) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।
মঙ্গলবার (২৫ আগস্ট) জন্ম ও মৃত্যু নিবন্ধন পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নগদের প্রশাসক মো. মোজাহেম বিল্লাহ এবং বিডিআরআইএসের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সাধারণত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে গ্রাহকের পরিচয় যাচাই করে নগদ। তবে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের এনআইডি না থাকায় এখন জন্মনিবন্ধন সনদের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট খোলার সুযোগ তৈরি হলো।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৪ থেকে ১৮ বছর বয়সী গ্রাহকদের সরকারি উপবৃত্তি ও আর্থিক সহায়তা পাওয়ার জন্য অ্যাকাউন্ট খুলতে জন্মনিবন্ধন সনদ ব্যবহার বাধ্যতামূলক।
চুক্তির ফলে সরকারি জন্মনিবন্ধন তথ্যভাণ্ডারের সঙ্গে নগদ সরাসরি যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের তথ্য তাৎক্ষণিক, কাগজবিহীন ও স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা সম্ভব হবে। এতে উপবৃত্তির অর্থ পাওয়ার প্রক্রিয়াও আরও সহজ হবে।
নগদের প্রশাসক মো. মোজাহেম বিল্লাহ বলেন, বিডিআরআইএসের সঙ্গে এ চুক্তির ফলে এনআইডি না থাকা ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খোলার জটিলতা দূর হবে। তবে এসব অ্যাকাউন্ট তাদের অভিভাবকদের সঙ্গে যুক্ত থাকবে। ফলে বাবা-মা চাইলে সন্তানের অ্যাকাউন্টে অর্থ লেনদেনের বিষয়টি দেখতে পারবেন।
তিনি আরও বলেন, সরাসরি সরকারি জন্মনিবন্ধন তথ্যভাণ্ডারের সঙ্গে যুক্ত হওয়ায় কাগজপত্রের ঝামেলা ছাড়াই দ্রুত শিক্ষার্থীদের তথ্য যাচাই করা সম্ভব হবে। এর ফলে তাদের উপবৃত্তির টাকা পাওয়ার প্রক্রিয়াও আরও সহজ হবে।
