মোরেলগঞ্জে মডেল একাডেমির আয়োজনে অভিভাবক সমাবেশ ও ক্লাস পার্টি
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি আনন্দঘন পরিবেশে নতুন শিক্ষাবর্ষের প্রস্তুতি নিতে বাগেরহাটের মোরেলগঞ্জে মডেল একাডেমির উদ্যোগে অভিভাবক সমাবেশ ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস। পুরো আয়োজনের পরিচালনায় ছিলেন মোরেলগঞ্জ মডেল একাডেমির পরিচালক নাহিদ ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. হাবিবুল্লাহ বলেন, শিক্ষার উদ্দেশ্য কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতায় সমৃদ্ধ করে গড়ে তোলা। এ ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিনোদনের সুযোগ থাকা প্রয়োজন। শিশুদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে শুরু থেকেই সচেতন ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে শিশুদের গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, কৌতুক ও অভিনয়ের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা তাদের নানা প্রতিভা প্রদর্শন করে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত অতিথি ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি হয়ে ওঠে আনন্দমুখর ও উপভোগ্য। শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষকে ঘিরে একাডেমির এ আয়োজনের পরিসমাপ্তি ঘটে।