ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক

বিশ্বের সেরা পারফর্মিং ৫০০ ব্যাংকের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের ব্র্যাক ব্যাংক। মার্কিন সাময়িকী ফোর্বস প্রথমবারের মতো প্রকাশিত ‘ওয়ার্ল্ডস টপ পারফর্মিং ব্যাংকস ২০২৬’ তালিকায় ৮৯টি দেশের ৫০০টি ব্যাংককে অন্তর্ভুক্ত করেছে।

তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে স্থান পেয়েছে ব্র্যাক ব্যাংক। মোট ৫০০ ব্যাংকের মধ্যে টিয়ার-৫ বা নিম্ন-মাঝারি আকারের ব্যাংক শ্রেণিতে ৭৩তম অবস্থানে রয়েছে ব্যাংকটি। মঙ্গলবার রাতে ফোর্বসের তালিকায় স্থান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ।

বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্তার সঙ্গে যৌথভাবে এই তালিকা তৈরি করেছে ফোর্বস। সাময়িকীটির তথ্য অনুযায়ী, আগের জাতীয় ও বৈশ্বিক ব্যাংক র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রে গ্রাহকদের জরিপভিত্তিক মূল্যায়নকে গুরুত্ব দেওয়া হলেও এবার ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও কার্যক্রমের বস্তুনিষ্ঠ তথ্যের ওপর ভিত্তি করে তালিকাটি তৈরি করা হয়েছে।

এ জন্য এসঅ্যান্ডপি ক্যাপিটাল আইকিউসহ বিভিন্ন শীর্ষস্থানীয় তথ্য সরবরাহকারীর তথ্য, নথিভিত্তিক গবেষণা এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর জমা দেওয়া তথ্য ব্যবহার করা হয়েছে।

ফোর্বসের তালিকায় জায়গা পেতে ব্যাংকগুলোকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়েছে। এর মধ্যে বৈধভাবে আমানত গ্রহণ, খুচরা বা করপোরেট গ্রাহকদের ঋণ দেওয়াকে মূল ব্যবসার অংশ হিসেবে রাখা এবং জাতীয় হিসাবরক্ষণ মানদণ্ড অনুযায়ী আর্থিক প্রতিবেদন প্রকাশ অন্যতম।

এ ছাড়া সর্বশেষ পূর্ণাঙ্গ ও নিরীক্ষিত অর্থবছরের আর্থিক বিবরণী, টানা অন্তত তিন বছরের আর্থিক তথ্য এবং ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদ থাকা বাধ্যতামূলক ছিল।

ব্যাংকগুলোর পারফরম্যান্স মূল্যায়নে চারটি প্রধান সূচক ব্যবহার করেছে ফোর্বস। এর মধ্যে লাভজনতার গুরুত্ব ৩০ শতাংশ, প্রবৃদ্ধি ও আয়ের গুণমান ২০ শতাংশ, মূলধন ও তহবিলের সক্ষমতা ২৫ শতাংশ এবং সম্পদের গুণমান ও দক্ষতার গুরুত্ব ২৫ শতাংশ।

লাভজনতা নির্ধারণে গড় সম্পদের বিপরীতে আয়, আয় ও পরিচালন ব্যয়ের অনুপাত এবং নিট সুদ ব্যবধানের মতো সূচক বিবেচনা করা হয়েছে। অন্যদিকে প্রবৃদ্ধি ও আয়ের গুণমান মূল্যায়নে তিন বছরের আয় বৃদ্ধি ও স্থিতিশীলতা এবং গ্রাহকদের আমানত বৃদ্ধির বিষয়টি দেখা হয়েছে।

মূলধন ও তহবিলের সক্ষমতার ক্ষেত্রে মূলধনের অনুপাত ও ঋণ-আমানত অনুপাতের মতো সূচক বিবেচনায় নেওয়া হয়। পাশাপাশি সম্পদের গুণমান ও দক্ষতা নির্ধারণে ঋণের গুণমান, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্যালান্সশিটের স্থিতিস্থাপকতা মূল্যায়ন করা হয়েছে।

আরও দেখুন
ধর্ম জীবন
লাইফস্টাইল টিপস
সর্বশেষ সংবাদ
মূল্যায়নের আগে মোট সম্পদের ভিত্তিতে ব্যাংকগুলোকে ছয়টি শ্রেণিতে ভাগ করা হয়। ৫০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদ থাকা ব্যাংককে টিয়ার-১ বা বৈশ্বিক ব্যাংক, ১০০ থেকে ৫০০ বিলিয়ন ডলারের ব্যাংককে টিয়ার-২ বা বড় ব্যাংক এবং ৫০ থেকে ১০০ বিলিয়ন ডলারের ব্যাংককে টিয়ার-৩ বা উচ্চ-মাঝারি আকারের ব্যাংক হিসেবে ধরা হয়েছে।

এ ছাড়া ২০ থেকে ৫০ বিলিয়ন ডলারের ব্যাংক টিয়ার-৪ বা মাঝারি আকারের, ১০ থেকে ২০ বিলিয়ন ডলারের ব্যাংক টিয়ার-৫ বা নিম্ন-মাঝারি আকারের এবং ৩ থেকে ১০ বিলিয়ন ডলারের সম্পদ থাকা ব্যাংক টিয়ার-৬ বা ছোট ব্যাংক হিসেবে শ্রেণিবদ্ধ হয়েছে।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রেফাত উল্লাহ খান। ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে ব্যাংকটিতে ৭ হাজার ৪৮৩ জন কর্মী রয়েছেন।

আরো