অক্টোবরে মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশে নামল
খাদ্যপণ্যের দাম বাড়ার হার কমায় অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এ মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে। গত সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ০৭ শতাংশীয় পয়েন্ট। তবে খাদ্যবহির্ভূত পণ্যের ক্ষেত্রে পরিস্থিতি উল্টো। এসব পণ্যের দাম বাড়ার হার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে তেমন স্বস্তি আসেনি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অক্টোবর মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত বছরের অক্টোবরে দেশে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে মূল্যস্ফীতি এখনো কিছুটা বেশি রয়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ এক মাসে খাদ্যপণ্যের দাম বাড়ার হার কমেছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। ফলে খাবারের বাইরে অন্যান্য পণ্য ও সেবার ব্যয় বেড়েছে।
গ্রাম ও শহরদুই জায়গাতেই খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমেছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়েছে।
অক্টোবরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। গ্রামে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ১৮ শতাংশ। অন্যদিকে গ্রামাঞ্চলে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ২১ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাসে এ হার ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ।
শহরাঞ্চলে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৫ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। শহরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪২ শতাংশ হয়েছে, যা আগের মাসে ছিল ৭ দশমিক ২৫ শতাংশ। তবে শহরাঞ্চলে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশে উঠেছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৯৪ শতাংশ।
এদিকে দীর্ঘ সময়ের গড় হিসাবেও মূল্যস্ফীতি কমেছে। বিবিএসের হিসাবে, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশে। আগের ১২ মাসে এ হার ছিল ৯ দশমিক ২২ শতাংশ।
তবে মূল্যস্ফীতির তুলনায় মানুষের আয় বাড়ছে কম হারে। অক্টোবরে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। গত বছরের অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০১ শতাংশ। অর্থাৎ মজুরি বাড়ার গতিও কমেছে। কৃষি, শিল্প ও সেবা তিন খাতেই মজুরি বৃদ্ধির হার কমেছে। অক্টোবরে কৃষি খাতে মজুরি বেড়েছে ৭ দশমিক ৫৫ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৮৯ শতাংশ।
শিল্প খাতে মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৮৬ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৬২ শতাংশ হয়েছে। আর সেবা খাতে মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ০৭ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৯৬ শতাংশে দাঁড়িয়েছে।
অর্থাৎ অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ, আর মজুরি বেড়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। ফলে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে শূন্য দশমিক ৬৪ শতাংশীয় পয়েন্ট কম। এতে পণ্য ও সেবার দাম যে হারে বাড়ছে, সে তুলনায় মানুষের আয় বাড়ছে না। ফলে বাড়তি খরচ সামলাতে সাধারণ মানুষকে চাপের মধ্যে থাকতে হচ্ছে।
বিবিএস জানিয়েছে, দেশের ৬৪ জেলার ১৫৪টি বাজার থেকে বিভিন্ন পণ্য ও সেবার দাম সংগ্রহ করে ভোক্তা মূল্যসূচক তৈরি করা হয়। অন্যদিকে মজুরি বৃদ্ধির হিসাব করা হয় ৬৪ জেলার ৬৩টি পেশার তথ্যের ভিত্তিতে। এর মধ্যে কৃষি খাতের ১৭টি, শিল্প খাতের ৩০টি এবং সেবা খাতের ১৬টি পেশা রয়েছে।