পল্লবীতে দুই মাদক গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন, চাপাতির আঘাতে দুই পক্ষের ৬ জন আহত

ক্রাইম রিপোর্টার: এসএম কবির: রাজধানীর পল্লবী থানা আদর্শনগর এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে দুই পক্ষের ৬/৭ জনকে। এ ঘটনায় পল্লবী থানায় মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল আনুমানিক সন্ধ্যা ৭:৩০ মিনিটের দিকে পল্লবীর আদর্শনগর এলাকায় মাদক বিক্রির নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় গ্রুপ দেশীয় অস্ত্র চাপাতি, রড নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে একটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে অন্তত ৬ থেকে ৭ জন গুরুতর আহত হয়।
তবে যে মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে ওই মোটরসাইকেলের মালিক আকাশ জানান, আমি গতকাল সন্ধ্যায় খালার বাড়িতে বেড়াতে আসি আমার স্ত্রীকে নিয়ে ইতিমধ্যেই বাইরে দু গ্রুপে মারামারি শুরু হয়। আমি আমার স্ত্রীকে নিয়ে বাইরে নেমে
দেখি আমার মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। আমার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গলার চেন এবং কানের স্বর্ণের অলংকার ছিনিয়ে নেয়।

পল্লবী থানার ডিউটিরত কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে মাদক কারবারের দ্বন্দ্বেই এই সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা চলছে পুলিশের নাকের ডগার সামনে, অথচ পুলিশ দেখেও না দেখার ভান করে। পুলিশ যাদেরকে ধরে নিয়ে যায় তারা মাদক সেবন করে, অথচ যারা বিক্রি করে তাদের কাউকেই পুলিশ আটক করতে পারেনি।

আরো