বিচারপতি ড. আখতারুজ্জামান পদত্যাগপত্র জমা দিয়েছেন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড প্রদানকারী বিচারপতি ড. মো. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। ৩১ আগস্ট (রোববার) তিনি প্রধান বিচারপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

সম্প্রতি তার বিরুদ্ধে আনীত অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাকে ডেকে পাঠায়। ১ জুলাই তিনি হাজির হয়ে মৌখিক ব্যাখ্যা দেন। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায়ই পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এরইমধ্যে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির নিকট প্রেরণ করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৩ মার্চ রাষ্ট্রপতির নির্দেশে বিচারপতি আখতারুজ্জামানসহ আরও ১১ জন বিচারপতির বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশনা আসে। ২০২৪ সালের ১৬ অক্টোবর তাদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতাসীন দলের স্বার্থে কাজ করার অভিযোগ ওঠে। এরপর প্রধান বিচারপতির পক্ষ থেকে ওই ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয় এবং তাদের বিচারিক দায়িত্ব স্থগিত রাখা হয়।

তদন্তের আওতায় থাকা অন্যান্য বিচারপতির মধ্যে রয়েছেন বিচারপতি নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, আশীষ রঞ্জন দাস, মোহাম্মদ খুরশীদ আলম সরকার, এস এম মনিরুজ্জামান, আতাউর রহমান খান, শাহেদ নূর উদ্দিন, মো. আমিনুল ইসলাম, এস এম মাসুদ হোসেন দোলন, খিজির হায়াত এবং খোন্দকার দিলীরুজ্জামান।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে ড. আখতারুজ্জামান বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই রায়ে তারেক রহমানসহ আরও পাঁচ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরো