জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার অপরিহার্য: আইন উপদেষ্টা

জুলাইয়ের ভয়াবহ গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচারকে অপরিহার্য হিসেবে আখ্যায়িত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, ওই ঘটনার সময় এক হাজারেরও বেশি ছাত্র ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন, এবং অগণিত মানুষকে স্থায়ীভাবে পঙ্গু করা হয়েছে। এই মানবতাবিরোধী অপরাধের বিচার অনিবার্য, এবং সরকার এই বিচারপ্রক্রিয়ায় শুরু থেকেই অটল অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল জানান, ট্রাইব্যুনাল-২ এর নতুন ভবনের নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে এবং শিগগিরই এখানে বিচার কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, বর্তমানে যেখান থেকে ট্রাইব্যুনাল-২ পরিচালিত হচ্ছে, সেই টিনশেড ভবনটি খালি হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠনের বিষয়টি বিবেচনা করা হবে। নতুন ট্রাইব্যুনাল চালু হলে গুমসহ অন্যান্য আন্তর্জাতিক অপরাধের বিচারপ্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।

তিনি আরও উল্লেখ করেন, মানবতাবিরোধী অপরাধের বিচারে প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থাগুলো অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে এসব বিচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আসিফ নজরুল বলেন, “গত সরকারের আমলে সংঘটিত গুম, হত্যা ও নিপীড়নের বিচার আমরা নিশ্চিত করতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বার্থেই ন্যায়বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন।”

সকালে তিনি গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানকে সঙ্গে নিয়ে ট্রাইব্যুনাল-২ এর নতুন ভবন ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ সরকারের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।

আরো