বাংলাদেশি যুবকদের জন্য বৈশ্বিক অটোমোবাইল শিল্পে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে ড্যাফোডিল গ্রুপের নতুন দিগন্ত

ড্যাফোডিল গ্রুপ বাংলাদেশের তরুণদের বিশ্বমানের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে জাপানের টোয়োটা শিন-ওসাকা ইনক. এর সঙ্গে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

গত ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ঢাকার ড্যাফোডিল কর্পোরেট অফিসে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান এবং টয়োটা শিন-ওসাকার প্রেসিডেন্ট মি. ইউকিও কুবো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় ড্যাফোডিল গ্রুপের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ও অন্যান্য ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জাপানের টোয়োটা অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং কলেজ অব কোবে (Toyota Kobe)-তে ভর্তি করানো হবে। প্রতিষ্ঠানটি আধুনিক প্রযুক্তিভিত্তিক গাড়ি সংক্রান্ত দুই বছরের কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে থাকে।

টোয়োটা শিন-ওসাকা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় সহায়তা করবে এবং প্রশিক্ষণ শেষে জাপানের আইন ও বিধিবিধান অনুসারে অটোমোবাইল শিল্পে চাকরির সুযোগ পেতে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেবে।

অনুষ্ঠানে ড. মোহাম্মদ নুরুজ্জামান বলেন, “এই সহযোগিতা বাংলাদেশের তরুণদের জন্য বিশ্বমানের কারিগরি প্রশিক্ষণ গ্রহণ ও বিশ্বের অন্যতম উন্নত অটোমোবাইল বাজারে দক্ষ চাকরি পাওয়ার নতুন দ্বার উন্মোচন করবে।”

অন্যদিকে টয়োটা শিন-ওসাকার প্রেসিডেন্ট মি. ইউকিও কুবো বলেন, “বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জাপানের গতিশীল অটোমোবাইল শিল্পে যুক্ত করতে ড্যাফোডিল গ্রুপের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। এটি দুই দেশের জন্যই সুফল বয়ে আনবে।”

অংশীদারিত্বের মূল লক্ষ্যসমূহঃ

ভর্তি ও কর্মক্ষেত্রের শর্ত পূরণের জন্য জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন।

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সেমিনার, ওরিয়েন্টেশন সেশন এবং শিল্প-সংক্রান্ত তথ্য প্রদান।

প্রশিক্ষণ শেষে টয়োটা ওসাকা ও জাপানের অন্যান্য অটোমোবাইল কোম্পানিতে চাকরির সুযোগ সৃষ্টি।

এই উদ্যোগকে বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে সহযোগিতার উজ্জ্বল নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি দেশের দক্ষ কর্মসংস্থান ও বৈদেশিক রেমিট্যান্স আয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরো