বাগেরহাটে শিশুদের অনলাইন যৌন নির্যাতন প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি:শিশুদের অনলাইন যৌন শোষণ ও নির্যাতন (OCSEA) প্রতিরোধে সেবা সমন্বয় ও সুরক্ষা কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে বাগেরহাটে সেবা মানচিত্র হালনাগাদ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ACT – Child Rights Project এর আওতায় ইনসিডিন বাংলাদেশের উদ্যোগে উদয়ন বাংলাদেশের বাগেরহাট কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় শিশুদের জন্য বিদ্যমান সেবা, ঝুঁকি, করণীয় এবং অনলাইন নিরাপত্তা জোরদারকরণ কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান এবং মহিলা বিষয়ক অধিদফতরের ওসিসি কর্মকর্তা নুসরাত জাহান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের প্রোগ্রাম পরিচালক মোঃ রফিকুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি বাবুল সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শিশু সুরক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা।
