বাগেরহাটে স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরি
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে “স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান উদয়ন-বাংলাদেশের উদ্যোগে এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. মোর্শেদ। উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আকন এবং প্রভাষক কামরুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস. এম. রাজ, রেলরোড জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোল্লা আব্দুর রব, সংরক্ষিত মহিলা আসনের জনপ্রতিনিধি এমিলি বেগম ও আবেদা সুলতানা, ইউপি সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন, প্যানেল চেয়ারম্যান শেখ ইমরুল হোসেন লিটন, মো. আব্দুল আলিম এবং বিএনপির কাড়াপাড়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এস. এম. মোর্শেদ বলেন, “স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা জরুরি। জনসচেতনতা বৃদ্ধি ছাড়া তামাক ব্যবহার হ্রাস করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “তামাক কোম্পানিগুলোর প্রচার ও বিপণনের ক্ষেত্রে আইনি কঠোরতা আরোপ করতে হবে।”
বিশেষ অতিথি জাহাঙ্গীর আকন বলেন, “স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ তামাক নিয়ন্ত্রণ আইনের আলোকে আগামী অর্থবছরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য ২৫ হাজার টাকা আর্থিক বরাদ্দ প্রদান করবে।”
আলোচনা সভায় বক্তারা তামাক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন জোরদার করা এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
