গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বাগেরহাটে জেলা পর্যায়ের ইমাম সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি: গণভোটের প্রচার ও ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে বাগেরহাটে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজার মাঠে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট অপরিহার্য। এ ক্ষেত্রে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্মেলনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মমিনুর রহমান। সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বাগেরহাটের উপপরিচালক এ.বি.এম. গোলাম সরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম), জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবুআনছার, জেলা তথ্য অফিসার মঈনুল ইসলাম, বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবুল কালাম শেখ, বাগেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ রুহুল আমিন খান এবং সরুই কওমী মাদ্রাসার মুহতামিম মোঃ আশেকুর রহমান।
বক্তারা বলেন, ধর্মীয় নেতারা জুমার খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ভোটের গুরুত্ব তুলে ধরলে ভোটারদের মধ্যে সচেতনতা ও অংশগ্রহণ বাড়বে। গণভোট সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
