মোরেলগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরুর আওতায় উপজেলার ৩৬ হাজার শিশুকে লাল ও নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।
রবিবার ২৮ জুন সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দৈবজ্ঞহাটী উপ-স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, স্যানিটারি ইন্সপেক্টর রিয়াজুল ইসলাম সোহাগসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্য শিশুদের ভিটামিন ‘এ’-এর ঘাটতি পূরণ, অপুষ্টিজনিত জটিলতা প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমানো। উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে নির্ধারিত বয়সের শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে, যাতে প্রতিটি শিশু সুস্থ ও নিরাপদভাবে বেড়ে উঠতে পারে।