১ লাখ ৫০ হাজার রুবল রাশিয়ার মুদ্রা ( ১,৯৫০ মার্কিন ডলার)
ধারাবাহিক ড্রোন হামলা করে আসছে ইউক্রেন, রাজধানী মস্কোর আকাশ প্রতিরক্ষা জোরদার করতে ড্রোন অপারেটর নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে রাশিয়া। দেশটির সবচেয়ে বড় চাকরির ওয়েবসাইট হেডহান্টারে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।বিজ্ঞাপনে বলা হয়েছে, কমব্যাট আর্মি রিজার্ভ ফোর্স নামের একটি স্বেচ্ছাসেবী ইউনিটের জন্য ড্রোন অপারেটর নেওয়া হবে। এ পদে কাজ করতে পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই। আবেদনকারীদের শুধু মৌলিক প্রযুক্তিগত দক্ষতা এবং শেখার আগ্রহ থাকতে হবে।
চাকরিরত অবস্থায় দায়িত্বের মধ্যে থাকবে ড্রোন উড্ডয়নের প্রস্তুতি, নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ, দিনে ও রাতে ড্রোন পরিচালনা এবং রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শত্রুকে চিহ্নিত করা।
মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার রুবল ( ১,৯৫০ মার্কিন ডলার),সর্বশেষ ১ জুলাই এটি হালনাগাদ করা হয়েছে। এদিকে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলা মোকাবিলায় রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন মস্কোসহ রাশিয়ার বিভিন্ন জ্বালানি ও সামরিক স্থাপনায় ড্রোন হামলা বাড়িয়েছে। এসব হামলার কারণে সীমান্তবর্তী অঞ্চলে হতাহত ও বিভিন্ন শিল্প স্থাপনায় ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটছে।
সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট