সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গুলিশাখালী ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেওয়াল ধসে আতিয়ার রহমান নামে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান যশোর জেলার আসাইল গ্রামের বদরুদ্দিন আহম্মেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে মাদ্রাসার নবনির্মিত একতলা ভবনের সেপটিক ট্যাংকের কাজ করছিলেন আতিয়ার রহমান, মোমেন, নয়ন ও হাছান নামের চার শ্রমিক। কাজের একপর্যায়ে হঠাৎ ট্যাংকের এক পাশের দেওয়াল ধসে পড়লে আতিয়ার, নয়ন ও মোমেন মাটির নিচে চাপা পড়েন।

উপস্থিত লোকজন দ্রুত মোমেনকে উদ্ধার করতে পারলেও বাকিরা আটকে থাকেন। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে আতিয়ার রহমানের নিথর দেহ উদ্ধার করে। অপর আহত শ্রমিক নয়নকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শেখ ওমর আলীর স্বত্বাধিকারী মো. বদিউজ্জামান খোকন দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের পরিবারকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে যথাসম্ভব আর্থিক সহায়তা প্রদান করা হবে।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো