মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে নির্বাচনী শোভাযাত্রা
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পক্ষে নির্বাচনী শোভাযাত্রা ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে আসাদুজ্জামান মিলনের নেতৃত্বে আয়োজিত এ শোভাযাত্রায় পৌরসভার ৯টি ওয়ার্ডের বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।
বিকেল ৩টায় ভাইজোড়া খান আবুবকর একাডেমি চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নব্বইরশি বাসস্ট্যান্ড হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় কর্মী-সমর্থকদের হাতে ব্যানার ও লিফলেট দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পৌর শহরের রাজপথ।
শোভাযাত্রার ব্যানার ও প্রচারপত্রে আসাদুজ্জামান মিলনকে মেয়র হিসেবে সমর্থনের আহ্বানের পাশাপাশি দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী মডেল পৌরসভা গঠন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সুপেয় পানির সমস্যা সমাধান, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌরসভা গঠনের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
আয়োজকরা বলেন, পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি একটি আধুনিক, পরিচ্ছন্ন ও কল্যাণমুখী পৌরসভা গড়ে তুলতে আসাদুজ্জামান মিলনের নেতৃত্ব প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে পৌরবাসীসহ বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।