বেক্সিমকোর ২৬ একর সম্পত্তি নিলামে তুলেছে রূপালী ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: রূপালী ব্যাংকের নিলামে বেক্সিমকোর ২৬ একর সম্পত্তি,খেলাপি ঋণ আদায়ে বেক্সিমকো লিমিটেডের বন্ধক রাখা প্রায় ২৬ একর জমি ও সম্পত্তি নিলামে তুলেছে রূপালী ব্যাংক। গাজীপুর ও নারায়ণগঞ্জে থাকা এসব সম্পত্তির বিপরীতে ব্যাংকটির পাওনা প্রায় ১৯১ কোটি টাকা।
রূপালী ব্যাংকের নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, বেক্সিমকো টেক্সটাইলের কাছে ব্যাংকের সর্বশেষ পাওনা ১৯০ কোটি ৯২ লাখ টাকা। এর মধ্যে অনাদায়ী সুদ অন্তর্ভুক্ত নয়। ব্যাংকের পাওনা, অন্যান্য খরচ ও আদালতের সুদসহ অর্থ আদায়ের লক্ষ্যে বন্ধক রাখা স্থাবর-অস্থাবর সম্পত্তি বর্তমান অবস্থায় নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে রুপালি ব্যাংক।
নিলাম তালিকায় নারায়ণগঞ্জের তারাব ও যাত্রামুরা মৌজার মোট ১৭ দশমিক ৪১ একর জমি রয়েছে। এর মধ্যে তারাব মৌজায় ৮ দশমিক ৩৯ একর এবং যাত্রামুরায় ৯ দশমিক ২ একর জমি রয়েছে। পাশাপাশি গাজীপুরে রয়েছে ৮ দশমিক ৫৫ একর জমি। সব মিলিয়ে বিজ্ঞপ্তিতে প্রায় ২৫ দশমিক ৯৬ একর জমির বিবরণ দেওয়া হয়েছে।
২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বেক্সিমকো লিমিটেডের মোট ঋণের স্থিতি ছিল ৬ হাজার ৪৪৯ কোটি টাকা। এর মধ্যে রূপালী ব্যাংকে ঋণের পরিমাণ ছিল ৪৮২ কোটি ৬৬ লাখ টাকা।
ব্যাংকের এই উদ্যোগকে খেলাপি ঋণ আদায়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
