নগদ ও কমিউনিটি ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

গ্রাহকদের সহজ, দ্রুত ও নিরাপদ ডিজিটাল আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। এ চুক্তির ফলে রেমিট্যান্স ও ফান্ড ট্রান্সফারসহ অন্যান্য ডিজিটাল লেনদেন সুবিধা প্রসারের পাশাপাশি দুই প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিধি বাড়বে।আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান-১, পুলিশ প্লাজা কনকর্ড-এ কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। নগদের পক্ষে প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক মনোনীত প্রশাসক মো. মোজাম্মেল হক এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চুক্তিতে সই করেন।চুক্তি অনুযায়ী, কমিউনিটি ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্স নগদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে প্রবাসীদের স্বজনদের কাছে সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এর বাইরে দুই প্রতিষ্ঠানের গ্রাহক অনবোর্ডিং ও সিস্টেম ইন্টিগ্রেশন প্রক্রিয়াও আগের চেয়ে সহজ করা হচ্ছে।প্রবাসীদের পাঠানো অর্থ নগদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মুহূর্তেই গ্রাহকের হাতে পৌঁছাবে। ফলে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত অঞ্চলের মানুষসহ সব প্রবাসী রেমিট্যান্সের সুবিধাভোগীরা দ্রুত অর্থ পেয়ে যাবেন।

আরো