কৃষি পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক-শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি
কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
১৮ আগস্ট ২০২৬ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান এফ. এম. নেওয়াজ আলী চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা, যুগ্ম পরিচালক মো. সাখাওয়াত হোসেন এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের ইউনিট ইনচার্জ মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বাড়ানো, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক এ পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে।
চুক্তির আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ৮ শতাংশ সরল মুনাফা হারে কৃষি বিনিয়োগ সুবিধা প্রদান করবে। এর মাধ্যমে কৃষকদের সহজ ও সুলভ অর্থায়নের সুযোগ তৈরি, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পল্লী অর্থনীতির উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ব্যাংকটি।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এ স্কিমের আওতায় কৃষি ও পল্লী খাতে অর্থায়ন সম্প্রসারণের মাধ্যমে দেশের কৃষি খাতের উন্নয়ন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে শাহ্জালাল ইসলামী ব্যাংক।
