নগদ ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মধ্যে চুক্তি, লেনদেন এখন আরো সহজ

সোমবার]গ্রাহকের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর সাথে কৌশলগত অংশীদারত্ব করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।

এই চুক্তির আওতায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকেরমাধ্যমে নগদের ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টের পাশাপাশি অ্যাড মানি, রেমিট্যান্স, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশসহ (এনপিএসবি) বিভিন্ন ডিজিটাল আর্থিক লেনদেন সেবা আরও সহজ হবে।

রাজধানীর গুলশানে গতকাল রোববার বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন এবং নগদের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

এই চুক্তির ফলে এখন থেকে প্রতিষ্ঠান দুটির মধ্যে ব্যবসায়িক কার্যক্রম বাড়বে এবং গ্রাহকদের যেকোনো ডিজিটাল আর্থিক লেনদেন সহজ হবে। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও নগদ ওয়ালেটের মধ্যে অ্যাড মানি বা এনপিএসবি সেবার পাশাপাশি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সও দেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের পরিবারের কাছে আরও সহজে ও দ্রুত পৌঁছে দেবে নগদ।

একইসঙ্গে উভয় প্রতিষ্ঠানের গ্রাহক ইন্টিগ্রেশন ও অনবোর্ডিং প্রক্রিয়া সহজ হবে।ফলে আরও বেশি মানুষ ডিজিটাল আর্থিক সেবার আওতায় আসতে পারবেন। দেশের ক্যাশলেস লেনদেনের প্রসারেও প্রতিষ্ঠান দুটির এই অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত শহর, গ্রাম, পাড়া-মহল্লা সবখানেই নগদের নেটওয়ার্ক বিস্তৃত। যেকোনো যায়গায় যেকোনো বিল পেমেন্ট, ক্যাশ আউট, ক্যাশ ইনসহ যেকোনো ডিজিটাল লেনদেনে নগদকে পাবেন গ্রাহকেরা। তিনি বলেন,“নগদের এই বিশাল নেটওয়ার্ক নগদ একা কেন ব্যবহার করবে, বরং আমরা চাই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো নগদের নেটওয়ার্ক ব্যবহার করে তাদের ন্যানো লোন, ইএমআই, ডিপিএসসহ বিভিন্ন সেবা দিক। তাহলে সত্যিকার অর্থেই দেশ ক্যাশলেস লেনদেনে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।”

অনুষ্ঠানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন বলেন, “এই কৌশলগত অংশীদারত্ব আমাদের গ্রাহকদের আমানত ও ঋণের সুযোগ সৃষ্টির মাধ্যমে ডিজিটাল আর্থিক লেনদেনকে আরো সহজ, দ্রুত এবং নিরাপদ করবে। একইসাথে রেমিট্যান্স ও ক্যাশলেস লেনদেনের প্রসারেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনবেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এএমডি ও সিবিও নাসিম সিকান্দার, ব্যাংকের ডিএমডি ও সিটিও ড. মো. রফিকুল ইসলাম, নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক প্রবাল আহমেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু এবং রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোসহ ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে নগদ। বর্তমানে দেশের ১০ লাখ বাংলা কিউআর মার্চেন্টে নগদ অ্যাপ থেকে সহজেই পেমেন্ট করা যাচ্ছে।
সমাপ্ত

আরো