মোরেলগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট): বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে নব্বই রশি বাসস্ট্যান্ড এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি সিকদার ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিলন। এ সময় উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

র‌্যালি শেষে পৌর পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মো. মোজাফফর আলম। সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলটির ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাদের উপস্থিতিতে পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরে পৌর পার্কে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। উপস্থিত নেতাকর্মীরা এসব পরিবেশনা উপভোগ করেন।
বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মোরেলগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়।

আরো