প্রাণ-আরএফএলের রাজশাহী কারখানা পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিল পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শনিবার বিকালে রাজশাহীর নওদাপাড়ায় অবস্থিত কারখানাটিতে পরিদর্শনে যান তিনি।
কারখানায় প্রতিমন্ত্রী পৌঁছালে তাকে স্বাগত জানান প্রাণ-আরএফএলের প্রধান পরিচালন কর্মকর্তা (ফুটওয়্যার ও লাগেজ) রাহাত হোসেন রনি ও কারখানার হেড অব এডমিন শরিফ উদ্দিন আহমেদ। এসময় তিনি কারখানায় ব্যাগ ও লাগেজ উৎপাদনের ইউনিট ঘুরে দেখেন।
প্রতিমন্ত্রী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত মিলটি পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করায় এবং স্বল্প সময়ে উল্লেখযোগ্য মানুষের কর্মসংস্থান করায় প্রাণ-আরএফএল গ্রুপের ভূয়সি প্রশংসা করেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্ধ শিল্প কারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। এসব কারখানায় পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রাণ-আরএফএল গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
অনুষ্ঠানে রাহাত হোসেন রনি জানান, “বন্ধ কারখানাটি ২০২৪ সালের ডিসেম্বরে বুঝে পাওয়ার পর মাত্র তিন মাসে প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কারখানাটি চালু করতে সক্ষম হয় প্রাণ-আরএফএল গ্রুপ। বর্তমানে লাগেজ ও ব্যাগ উৎপাদনে আড়াই হাজারের বেশি মানুষ কাজ করছেন। এখানে পর্যায়ক্রমে আরও উৎপাদন লাইন চালু করা হবে। তাতে প্রায় ১২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে।”
তিনি আরও বলেন, এখানে উৎপাদিত ব্যাগ ও লাগেজ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। কারখানাটিকে শতভাগ রপ্তানিমুখী সবুজ শিল্পপার্কে রূপান্তর করার কাজ এগিয়ে চলছে। এরই অংশ হিসেবে জলাধার সংরক্ষণ, বৃক্ষরোপন ও সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে স্থানীয় প্রশাসনের ..সহ প্রাণ-আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
