বাগেরহাটে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে সার ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোল্লারহাট উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা ইব্রাহিম তালুকদার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে একাধিক ভুক্তভোগী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ইব্রাহিম তালুকদার অভিযোগ করেন, সার ডিলার নিয়োগের প্রাথমিক তালিকায় তাঁর নাম আসার পর একটি মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তাঁর দাবি, একটি ভুয়া ও বানোয়াট ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির কাগজ তৈরি করে সেখানে তাঁর নাম যুক্ত করে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়।

তিনি বলেন, ওই কাগজের সত্যতা যাচাই না করেই তাঁকে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দিয়ে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন।

ইব্রাহিম তালুকদারের আরও অভিযোগ, মোল্লারহাট উপজেলা যাচাই-বাছাই কমিটিও যথাযথ নিয়মনীতি অনুসরণ না করে শুরুতেই তাঁর নাম তালিকা থেকে বাদ দেয়। পরে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে বিষয়টি জানালে তাঁর আবেদন পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি ঘটনার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্রের কাছে নতিস্বীকার না করে তদন্তের মাধ্যমে তাঁকে পুনরায় সার ডিলারশিপের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা যাচাই-বাছাই কমিটির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরো