মিরপুরে ‘দুই কুসুমের ডিম’ এর সাইনবোর্ড, প্লাস্টিক ডিম বিক্রির অভিযোগ এলাকাবাসীর
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে একটি ডিমের দোকানে দুই কুসুমের ডিম পাওয়া যায় এমন সাইনবোর্ড টাঙিয়ে ডিম বিক্রির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, ওই দোকানে প্লাস্টিকের ডিম বিক্রি করা হচ্ছে।
স্থানীয়রা জানান, মিরপুর-১১ নম্বর আদর্শ নগর এলাকার ওই দোকানে গত কয়েকদিন ধরে অস্বাভাবিকভাবে বড় আকারের এবং দুই কুসুমের ডিম বিক্রি হচ্ছে বলে প্রচার করা হয়। সাইনবোর্ড দেখে অনেকেই আগ্রহ নিয়ে ডিম কিনে নিয়ে যান। কিন্তু বাসায় নিয়ে রান্না করতে গিয়ে তারা ডিমের স্বাদ, গন্ধ ও রাবারের মতো স্থিতিস্থাপকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তাদের অভিযোগ, এগুলো আসল ডিম নয়, প্লাস্টিক দিয়ে তৈরি নকল ডিম।
একজন ক্রেতা বলেন, ডিম ভাজতে গিয়ে দেখি কুসুম কেমন রাবারের মতো হয়ে গেছে, ভাঙছেও না। মনে হচ্ছে প্লাস্টিক। দুই কুসুমের কথা বলে আমাদের ঠকানো হচ্ছে।
এ ব্যাপারে আকাশবাণী bd24 এর রিপোর্টার দোকানের মালিকের কাছে জানতে চাওয়া হলে তিনি কোন রকমের উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দোকানটি পরিদর্শন এবং ডিমগুলো পরীক্ষা করার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্ত করে দেখব। নকল বা ভেজাল খাদ্য বিক্রির প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
