গৃহযুদ্ধের আশঙ্কা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা
বিশেষ প্রতিনিধি:
দেশে সম্প্রতি বিভিন্ন জেলায় সংঘাত, বাড়িতে আগুন দেওয়া এবং ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনার খবর আসার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জ থেকে শুরু হয়ে নড়াইল ও রাঙ্গামাটিতে ঘটে যাওয়া কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বলে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে পাওয়া তথ্যে দাবি করা হচ্ছে, কিছু জায়গায় রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িতে আগুন দেওয়া, ভাঙচুর এবং রামদাসহ ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে কেউ কেউ রাজনৈতিক সংঘাত, আবার কেউ কেউ সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
তবে এসব ঘটনা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ শুরু করেছে। এরপরে প্রতিহতের জন্য বিএনপি চেষ্টা করছে পাশাপাশি বিএনপি’র কিছু নেতাকর্মীরা, আওয়ামীলীগের কিছু নেতাকর্মীদের বাড়ি ঘরেও আগুন ধরিয়ে দিচ্ছে।
স্থানীয় প্রশাসন বলছে, প্রতিটি ঘটনা আলাদাভাবে তদন্ত করা হচ্ছে। যারা বাড়িতে আগুন দিয়েছে বা অস্ত্র দিয়ে হামলা করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন মহল বলছেন, আওয়ামী লীগ, বিএনপিসহ সব রাজনৈতিক দলের উচিত কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেওয়া। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন গুজব ও উসকানিমূলক পোস্ট ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা।
বিশ্লেষকরা মনে করেন, ছোট ছোট সংঘাতকে বড় করে দেখিয়ে সাম্প্রদায়িক রূপ দেওয়া হলে তা দেশের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। এজন্য সব পক্ষকে ধৈর্য ধরে আইনের ওপর আস্থা রাখার অনুরোধ জানানো হয়েছে।