ফেসবুকে অপপ্রচার: শ্রীপুরে সংবাদকর্মীর সাধারণ ডায়েরি

গাজীপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে গাজীপুরের শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মোঃ নাঈম। গত ২০ আগস্ট (বৃহস্পতিবার) রাতে অনলাইনের মাধ্যমে তিনি এ অভিযোগ দায়ের করেন।

জিডিতে অভিযোগ করা হয়েছে, শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে মোঃ জহিরুল ইসলাম, যার ফেসবুক আইডি ‘SM Jaherul Islam’, তিনি পরিকল্পিতভাবে সাংবাদিক নাঈমের বিরুদ্ধে ভিত্তিহীন, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করছেন।

সাংবাদিক নাঈম গাজীপুর জেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি জাতীয় দৈনিক দেশ বর্তমান পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি, বাংলাদেশ সাংবাদিক সংস্থা-এর মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সাংবাদিক নাঈম বলেন, “আমার নিজ নামীয় ফেসবুক আইডিতে অশালীন মন্তব্য করে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি, পূর্বে একটি দুর্নীতির প্রতিবেদন প্রকাশের পর থেকেই পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”

তিনি আরও জানান, গত ২৯ জুন দৈনিক দেশ বর্তমান-এ প্রকাশিত একটি রিপোর্টে জমি-সংক্রান্ত প্রতারণার অভিযোগ তুলে ধরা হয়। এরপর থেকেই অভিযুক্ত ব্যক্তি আক্রোশবশত তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন বলে দাবি করেন তিনি।

অভিযুক্ত জহিরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অরূপ কুমার বিশ্বাস জানান, “সাংবাদিক নাঈমের পক্ষ থেকে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে একটি জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো