ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৬ অক্টোবর) সকাল ১০টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ লুটেরা ও মাফিয়া চক্রের মাধ্যমে ইসলামী ব্যাংকে বিপুলসংখ্যক অদক্ষ কর্মকর্তা অবৈধভাবে নিয়োগ দিয়েছে। এতে ব্যাংকের সেবার মান যেমন ব্যাহত হচ্ছে, তেমনি গ্রাহকদের স্বার্থও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বহিষ্কার এবং ইসলামী ব্যাংককে দুর্নীতিমুক্ত করার জোর দাবি জানান।