নাগরিক মঞ্চের সমাবেশে ১১ দলীয় জোটকে কৃষক শ্রমিক পার্টির সমর্থন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রতি সমর্থন ঘোষণা করেছে শেরে বাংলা এ কে ফজলুল হক প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক পার্টি (কেএসপি)।
৯ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক মঞ্চ আয়োজিত এক সমাবেশে দলটির কেন্দ্রীয় সভাপতি লায়ন সালাম মাহমুদ এ সমর্থনের ঘোষণা দেন। তিনি জানান, কেএসপির কেন্দ্রীয় কমিটির সভায় কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে ১১ দলীয় জোটকে সমর্থনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
সমাবেশে বক্তব্যে সালাম মাহমুদ কেএসপির সব নেতাকর্মীকে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানান এবং দেশবাসীকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন লেঃ কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতিক, লেঃ কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, বাংলাদেশ ইসলামী দলের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, লিবারেল ইসলামী অ্যালায়েন্সের আহ্বায়ক অ্যাডভোকেট মো. মাইনুদ্দিন, বাংলাদেশ মানবিক পার্টির চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন শুভ, কেএসপির মহাসচিব ছিদ্দিকুর রহমান আজাদী, গণআজাদী লীগের সভাপতি মুহাম্মদ আতাউল্লাহ খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৬ বছরের দুঃশাসন, খুন, গুম, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে দেশকে মুক্ত করতে একটি প্রকৃত জনগণের সরকার প্রয়োজন। তাদের মতে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে বিজয়ী করার মাধ্যমেই একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।
বক্তারা দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণার সময় নারী কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। তারা অভিযোগ করেন, একটি রাজনৈতিক শক্তি প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষ নিয়ে দেশে পুনরায় ফ্যাসিবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে।
সমাবেশ থেকে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়ে ১১ দলীয় জোটকে বিজয়ী করার মাধ্যমে ইনসাফভিত্তিক সরকার গঠনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।