যুবদল কর্মী মুন্নাকে হত্যাচেষ্টার মাস্টারমাইন্ড চট্টগ্রামের “জাফর” এখনো অজ্ঞাত কারণে আটক করছে না পুলিশ,
বাগেরহাটের মোংলার যুবদল কর্মী রাহাত হোসেন মুন্নাকে হত্যাচেষ্টার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ঘটনা মোংলায় ঘটলেও হত্যার পরিকল্পনার নির্দেশনা এসেছে চট্টগ্রাম থেকে। এমনকি মুন্নার উপর হামলার সময় চট্টগ্রামের সেই নির্দেশদাতা হামলাকারীদের সঙ্গে ভিডিও কলে ছিলেন বলে জানা গেছে। সম্প্রতি হামলায় জড়িত একজনের স্বীকারোক্তির ভিডিও ফেসবুকে এসেছে। মুন্নাকে হত্যায় চট্টগ্রাম থেকে নির্দেশনা দেওয়া ব্যক্তির নাম মো. জাফর। তিনি পেশায় ব্যবসায়ী। মুন্নার ওপর হামলার ঘটনায় তার স্ত্রীর দায়ের করা মামলার এক নম্বর আসামীর নাম এনাম হাওলাদার। এই এনাম হচ্ছেন জাফরের বোনের স্বামী।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাতে মোংলার বানিয়াশান্তা ইউনিয়নের কাটাখালি ঘাট সংলগ্ন একটি রিসোর্টে বসে মুন্নার উপর হামলার ছক আঁকা হয়। হামলার ছক আঁকা ওই বৈঠকে পাঁচজন পুরুষ, একজন নারী এবং চট্টগ্রাম থেকে ভিডিও কলে জাফর অংশ নেন। সেখানে পরিকল্পনার অংশ হিসেবে পরের দিন ১০ জুন সুযোগ বুঝে মুন্নাকে পিটিয়ে-কুপিয়ে মারাত্মক জখম করা হয়।
এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও হামলা পরিকল্পনায় জড়িত এক যুবক স্বীকারোক্তি দিয়ে বলে, মুন্নার ওপর হামলার ঘটনার মূল নায়ক চট্টগ্রামে থাকে। চট্টগ্রাম থেকে জাফর ও মনা নামের ব্যক্তিরা মুন্নাকে হত্যার জন্য টাকা এবং নির্দেশনা দিয়েছে। ঘটনার পর বিভিন্নভাবে মুন্নাকে হত্যা চেষ্টার মাস্টারমাইন্ড হিসেবে জাফরের নাম সামনে আসলেও অজ্ঞাত কারণে তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক বা জিজ্ঞাসাবাদ করেনি।
জানা গেছে, এই জাফর বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িত। ইতোপূর্বে তার বিরুদ্ধে ঢাকার সবুজবাগ থানায় মানবপাচারের অভিযোগে মামলাও দায়ের হয়েছে।
এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মো. জাফর বলেন, এগুলো সব মিথ্যা। আমি চট্টগ্রামে থেকে কিভাবে হামলায় অংশ নিলাম।