জলবায়ু পরিবর্তনে শৈশব উন্নয়নের চ্যালেঞ্জ—বাগেরহাটে সেমিনারে করণীয় নির্ধারণ
বাগেরহাটে “জলবায়ু পরিবর্তন ও প্রারম্ভিক শৈশব উন্নয়ন” শীর্ষক এক সেমিনার ও কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে কোডেক ট্রেনিং সেন্টারে আয়োজিত এই সভায় মূলত জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও শিশুদের সুস্থ বিকাশে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সিডি নেটওয়ার্কের সহ-সভাপতি মাহামুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়সুল ইসলাম, মৌরী নিশাত চৌধুরী ও রৌফা খানম।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। প্রাকৃতিক দুর্যোগ, বিশুদ্ধ পানির অভাব, খাদ্য নিরাপত্তার সংকট শিশুর বিকাশে বাধা সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি পর্যায়ে সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন তারা।
সেমিনারে বিভিন্ন স্তরের শিক্ষক, অভিভাবক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে জলবায়ু-সহনশীল পরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করেন।
