যুবলীগ নেতা শামীমের বিরুদ্ধে জমি দখল, হামলা ও অপপ্রচারের অভিযোগে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাট প্রতিনিধি: আওয়ামী যুবলীগ নেতা শামীম মোল্লার বিরুদ্ধে জমি দখল, অপপ্রচার ও সন্ত্রাসী হামলার অভিযোগে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল বাজারে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে স্থানীয় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করে।
বক্তারা অভিযোগ করেন, শামীম মোল্লা ও তার পিতা সাইদ মোল্লা দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখলের চেষ্টা করছেন। প্রতিবাদ করলেই মিথ্যা অপপ্রচার ও সন্ত্রাসী হামলার মুখে পড়তে হয়।
ভুক্তভোগী শামীম হাওলাদার জানান, জমি নিয়ে বিরোধে একাধিকবার ইউনিয়ন পরিষদে সালিশ হলেও শামীম তা মানেননি। ৬ আগস্ট সন্ধ্যায় তিনি ২০-২৫ জন সন্ত্রাসী নিয়ে হামলা চালান।
ওয়ার্ড বিএনপি নেতারা বলেন, শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির পরও শামীম ফেসবুকে কটূক্তি ও হামলা চালান। তারা অভিযোগ করেন, শামীম ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে এলাকায় অস্থিরতা তৈরি করছেন।
স্থানীয় ইউপি সদস্য শিরিন বকুল বলেন, সরকারি নিয়মে মাপজোখ ও সালিশ সত্ত্বেও শামীম ও তার পরিবার সিদ্ধান্ত মানছেন না বরং শালিসকারীদের হুমকি দিচ্ছেন।
মানববন্ধনে বক্তারা শামীম ও তার পিতার দ্রুত গ্রেফতারের দাবি জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, অভিযুক্ত শামীম মোল্লা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে।
