বাগেরহাটে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের সড়কে শতাধিক নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন—বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাব্বাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী, নারী ইউপি সদস্য রাবেয়া আক্তার, রেজাউল খান, এন্ত আলী ফকির, শ্যামলী চৌধুরী, সাহেরা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, বৃটিশ আমলে ১৯৪৫ সালে কোড়ামাড়া গ্রামে প্রতিষ্ঠিত এই ইউনিয়ন পরিষদ কার্যালয় ৯০ বছর ধরে স্থানীয়দের সেবা দিয়ে আসছে। ইউনিয়নের মাঝামাঝি স্থানে অবস্থিত হওয়ায় চারদিক থেকেই সহজ যাতায়াতের ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স, বিদ্যালয়, মসজিদ, মাদরাসা ও মন্দিরসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও রয়েছে এর আশপাশে। এরপরও একটি মহল কার্যালয়টি ইউনিয়নের এক প্রান্তে অবস্থিত বেশরগাতি গ্রামে স্থানান্তরের জন্য আবেদন করেছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রয়োজনে জীবন দেব, তবুও ইউনিয়ন পরিষদ স্থানান্তর করতে দেব না।”

বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, “দীর্ঘ ইতিহাস ও সহজ যোগাযোগব্যবস্থার কারণে বর্তমান স্থানই ইউনিয়ন পরিষদের জন্য উপযুক্ত। কুচক্রী মহল অযৌক্তিকভাবে স্থানান্তরের চেষ্টা করলে আমরা দলমত নির্বিশেষে প্রতিবাদ করব।”

বীর মুক্তিযোদ্ধা মোহাব্বাত হোসেন বলেন, “শৈশব থেকে এই স্থানে ইউনিয়ন পরিষদ দেখছি। সবাই চায় এটি এখানেই থাকুক।”

এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান জানান, স্থানান্তরের জন্য একটি আবেদন পাওয়া গেছে। আবেদনের যৌক্তিকতা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো