গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার: ৫০৫ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাজীপুরের একটি বিশেষ অভিযানে ৫০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিটে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১. মোঃ ইমরান হোসেন (৩৬), পিতা মোঃ আইয়ুব আলী, সাং- সাটিয়াবাড়ী মধ্যপাড়া, থানা-শ্রীপুর।
২. শরীফ শেখ (৩৮), পিতা মোঃ রুস্তম আলী, সাং-নোয়াগাঁও দক্ষিণ পাড়া, থানা-শ্রীপুর।

অভিযানকালে আসামিদের দেহ তল্লাশী করে চারটি নীল রঙের নাইলনের প্যাকেট ও একটি সাদা রঙের প্যাকেটে মোট ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৫০.৫ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ১,৫১,০০০ টাকা।

ডিবি সূত্রে জানা যায়, রাজাবাড়ী বাজার এলাকায় মাদক কেনাবেচার তথ্য পেয়ে ডিবি পুলিশের একটি দল দ্রুত অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলেও, উপস্থিত সাক্ষীদের সহায়তায় দু’জনকেই ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে শ্রীপুর ও আশপাশের এলাকায় পাইকারী ও খুচরা দামে বিক্রি করত। তারা দীর্ঘদিন ধরে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত।

উল্লেখিত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত বর্তমানে গাজীপুর জেলা গোয়েন্দা শাখার হেফাজতে রয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে গাজীপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরো