বাগেরহাটে ৩ দিনব্যাপী চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা কর্মশালা শুরু
এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে চিংড়ি গবেষণা কেন্দ্রের আয়োজনে নিজস্ব অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রমের সাফল্য, প্রযুক্তি উদ্ভাবন এবং বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের সাম্প্রতিক কার্যক্রম ও অর্জন তুলে ধরেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।
চিংড়ি চাষে ঘের নির্বাচন, অবকাঠামো উন্নয়ন ও প্রস্তুতি বিষয়ে আলোচনা করেন উপপরিচালক শামসু নাহার। চিংড়ির পোনা নির্বাচন, পরিবহন ও নার্সারীকরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক শামসু নাহার, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ.এস.এম তানবিরুল হক, ড. মোঃ আরিফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা রাবিনা আক্তার লিমা, মোঃ সোয়েবুল ইসলাম ও মোঃ ইকরামুল হক।
তিন দিনব্যাপী এই কর্মশালায় জেলার ২৫ জন চিংড়ি চাষি ও স্থানীয় সাংবাদিকরা অংশ নিচ্ছেন। আয়োজকরা জানান, চিংড়ির খাদ্য ও পুষ্টিমান বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন এবং মাটি ও পানির গুণাগুণ সংরক্ষণে গবেষণা অব্যাহত রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে কেন্দ্রটি চিংড়ির রোগ নির্ণয় ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে চাষিরা উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষের বিষয়ে সম্যক ধারণা লাভ করবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।