ফুলছড়িতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্টজনদের সমৃদ্ধি সম্মাননা প্রদান
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত ‘সমৃদ্ধি’ কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত সোমবার ফুলছড়ি উপজেলা হেলিপ্যাড মাঠ প্রাঙ্গণে আয়োজিত ‘সমৃদ্ধি উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫’-এ নির্বাচিতদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন দৈনিক আজকালের খবর ও দৈনিক সকালের বাণীর ফুলছড়ি প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহম্মেদ। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্তরা হলেন, শ্রেষ্ঠ প্রবীণ ব্যক্তি উদাখালী ইউপির প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব কাবিল উদ্দিন সরকার, সমাজসেবায় আলমগীর হোসেন আলম, খেলাধুলায় জহুরুল ইসলাম এবং শিল্পকলায় রাজু আহম্মেদ। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ যুব (পুরুষ ও নারী), কিশোর-কিশোরী ক্লাবের মেন্টর এবং শ্রেষ্ঠ সন্তানদের হাতেও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এর আগে সকালে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাইকেল র্যালির মাধ্যমে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। এরপর যুবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মিনি ম্যারাথন দৌড়। উদাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব কাবিল উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী সরকার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকিউল হাসান, ইউপি সদস্য মকবুল হোসেন, এসকেএস ফাউন্ডেশনের সমন্বয়কারী জুলফিকার আলী, হারুননুর রশিদ, শাহ আলম হোসেন শান্ত এবং উপজেলা বণিক সমিতির সভাপতি আলমগীর মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। এ ধরনের সামাজিক উদ্যোগ কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং বাল্যবিবাহ রোধে কার্যকর ভূমিকা রাখবে।
দিনব্যাপী এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
