বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল
বাগেরহাট প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট জেলা যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপির দলীয় এমপি প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ আমরা তার রুহের মাগফেরাত কামনায় একত্রিত হয়েছি। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সিপিএ রফিকুল ইসলাম জগলু, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সুমন পাইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবুল হাসান, পিসি কলেজের সাবেক ভিপি সরদার নাসির উদ্দিন লনি এবং জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিলে কুরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এতে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।