বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সিলভার সেলিমের নির্বাচনী অফিস উদ্বোধন
বাগেরহাট প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী, সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমের চিতলমারী নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চিতলমারী থানা রোডে এ নির্বাচনী অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অফিসটি উদ্বোধন করেন এম এ এইচ সেলিমের জ্যেষ্ঠ পুত্র ও সিলভার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেহেদী হাসান প্রিন্স।
উদ্বোধনী বক্তব্যে মেহেদী হাসান প্রিন্স তাঁর পিতার জন্য দোয়া ও সমর্থন কামনা করে বলেন,
“বাগেরহাটের উন্নয়নে বিগত দিনে আমার পিতা যেভাবে নিরলসভাবে কাজ করেছেন, আগামীতেও তিনি আপনাদের পাশে থেকে জেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত এই জেলাকে একটি সমৃদ্ধশালী জেলায় রূপান্তর করাই তাঁর লক্ষ্য। কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং বেকারদের কর্মসংস্থানের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। এ লক্ষ্যে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোহাট মসজিদের ইমাম ও খতিব মুফতি ইকবাল হোসেন। চিতলমারী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোস্তমাসুদ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা যুবদলের সাবেক সভাপতি মেহেবুল হক কিশোর, অ্যাডভোকেট অমিতাভ বড়াল বাপ্পী, বিবেকানন্দ গবেষণা কেন্দ্রের বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ মজুমদার, চিতলমারী উপজেলার প্রবীণ রাজনীতিবিদ আব্দুস সালাম বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল বিশ্বাস এবং সন্তোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিবেকানন্দ সমাদ্দার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের পাঁচ শতাধিক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
