তাক্বওয়া: কল্যাণমূলক পরিবার, সমাজ ও রাষ্ট্রের সহায়ক
মোহাম্মদ তাজুল ইসলাম
রামাদান হলো আত্মশুদ্ধি, সংযম ও তাক্বওয়া অর্জনের অনন্য মাস। মহান আল্লাহ পবিত্র কুরআনে ঘোষণা করেছেন: “হে মুমিনগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর—যাতে তোমরা তাক্বওয়া অর্জন করতে পারো।” — আল-কুরআন (সূরা আল-বাকারা: ১৮৩)
🔹 তাক্বওয়া কী?
তাক্বওয়া অর্থ—আল্লাহভীতি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা এবং তাঁর নিষেধ থেকে বেঁচে থাকা। এটি কেবল বাহ্যিক ইবাদত নয়; বরং অন্তরের পরিশুদ্ধি, চরিত্রের উন্নতি ও জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপস্থিতির অনুভূতি।
🌟 রামাদান কীভাবে তাক্বওয়া গড়ে তোলে?
১️) রামাদানের সিয়াম (রোজা): সিয়াম অর্থ বিরত থাকা। ইসলামের পরিভাষায়—ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পানাহার, দাম্পত্য সম্পর্ক ও সকল গুনাহ থেকে বিরত থাকার নাম সিয়াম (রোজা)। রোজা মানুষকে আত্মসংযম শেখায়। ক্ষুধা-তৃষ্ণা সহ্য করে বান্দা বুঝতে পারে ধৈর্য, সহমর্মিতা ও নিয়ন্ত্রণের গুরুত্ব।
২️) কুরআন তিলাওয়াত: রামাদান কুরআন নাযিলের মাস। বেশি বেশি তিলাওয়াত, তাদাব্বুর ও আমলের মাধ্যমে অন্তর আলোকিত হয়।
৩) সালাত ও কিয়ামুল লাইল: তারাবীহ ও তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হয়। ইবাদতে দীর্ঘ সময় কাটানো হৃদয়কে নম্র ও পরিশুদ্ধ করে।
৪️) দান-সদকা ও সহমর্মিতা: অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাক্বওয়ার গুরুত্বপূর্ণ অংশ। রামাদানে দানশীলতা বহুগুণে বৃদ্ধি পায়।
৫️) গুনাহ থেকে বিরত থাকা: রোজা শুধু খাবার-পানীয় ত্যাগ নয়; মিথ্যা, গীবত, অন্যায় ও অশ্লীলতা থেকেও বিরত থাকা।
আমাদের করণীয়:
> কুরআন তেলাওয়াত ও অধ্যয়ন: প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কুরআন তিলাওয়াত অধ্যয়নের মাধ্যমে স্বীয় আত্মিক জ্ঞান বৃদ্ধি করা যায়। রামাদান হলো কুরআনের মাস। আল্লাহ তাআলা বলেন-“রামাদান মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ…” — আল-কুরআন (সূরা আল-বাকারা: ১৮৫)
> জামায়াতে নামাজ আদায় : পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার অভ্যাসের পাশাপাশি নফল সালাতা বেশি বেশি আদায় করা।
> অভ্যাস পরিবর্তন : প্রতিদিন অন্ততঃ একটি ভালো অভ্যাস গড়ে তোলা।
> আত্মসমালোচনা ও তfওবা: রামাদান আত্মশুদ্ধির মাস। এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি হলো আত্মসমালোচনা (মুহাসাবা) ও আন্তরিক তওবা। আল্লাহ তাআলা বলেন: “হে মুমিনগণ! তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা কর।” — আল-কুরআন (সূরা আত-তাহরীম: ৮)
> পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইসলামী পরিবেশ তৈরি : রামাদান আমাদের শুধু ব্যক্তিগত ইবাদতে নয়, সামষ্টিক জীবনেও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন: “তোমাদের মধ্যে যেন এমন একটি দল থাকে যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎকাজের আদেশ দেবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে।” — আল-কুরআন (সূরা আলে ইমরান: ১০৪)
পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইসলামী পরিবেশ সৃষ্টিতে করণীয়:
✔ নিজেকে সংশোধন দিয়ে শুরু করা।
✔ পরিবারকে ইসলামী চেতনায় গড়ে তোলা।
✔ সমাজে ইতিবাচক ভূমিকা রাখা।
✔ ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান নেওয়া।
(ক) পরিবারে ইসলামী পরিবেশ : পরিবারই সমাজের ভিত্তি। পরিবার ঠিক হলে সমাজ ঠিক হয়। নিম্নোক্ত আ’মলসমূহ পরিবারে ইসলামী পরিবেশ নিশ্চিক করতে পারে:
🔹 স্ব-স্ব আবাসস্থলে জামেআতে সালাত আদায়ের ব্যবস্থা করা।
🔹 প্রতিদিন কুরআন তিলাওয়াত ও আলোচনা।
🔹 পারিবারিক বৈঠকের আয়োজনও সন্তানদের ইসলামী আদব-আখলাক শিক্ষা।
🔹 হারাম থেকে দূরে থাকার অভ্যাস করা।
🔹 পরস্পরের প্রতি দয়া, সহমর্মিতা ও সম্মান প্রদর্শন করা।
(খ) সমাজে ইসলামী পরিবেশ: রাসূলুল্লাহ ﷺ ছিলেন সমাজ সংস্কারের সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ছিল কুরআনের বাস্তব প্রতিফলন। তিনি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করেছিলেন:
🔹 মসজিদকেন্দ্রিক কার্যক্রম বৃদ্ধি
🔹 দান-সদকা ও মানবিক কার্যক্রম
🔹 অন্যায়-অসৎ কাজের বিরুদ্ধে সচেতনতা
🔹 নৈতিকতা ও সততার প্রচার
🔹 পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্য প্রতিষ্ঠা।
🏛 রাষ্ট্রে ইসলামী পরিবেশ: ইসলামী পরিবেশ মানে কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং ন্যায়, সততা ও আল্লাহভীতি ভিত্তিক সমাজব্যবস্থা।
🔹 ন্যায়বিচার প্রতিষ্ঠা
🔹 দুর্নীতিমুক্ত প্রশাসন
🔹 মানবাধিকার ও নৈতিক শাসন
🔹 শিক্ষাব্যবস্থায় নৈতিকতা সংযোজন
🔹 আইনের শাসন ও জবাবদিহিতা
🌺 উপসংহার
রামাদান কেবল একটি মাস নয়; এটি আত্মশুদ্ধির প্রশিক্ষণ কেন্দ্র। যদি আমরা এই মাসের শিক্ষা সারা বছর ধরে রাখতে পারি, তবেই প্রকৃত তাক্বওয়া অর্জন সম্ভব হবে। আল্লাহ আমাদের সবাইকে রামাদানের বরকত লাভ করে পরিপূর্ণ তাক্বওয়া অর্জনের তাওফিক দান করুন। আমিন।