বৃত্তি পরীক্ষায় মোরেলগঞ্জ মডেল একাডেমির চমক, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) : এক হাতে ক্রেস্ট, অন্য হাতে সনদ—মুখজুড়ে নির্মল হাসি। কেউ বারবার নিজের নাম লেখা সনদের দিকে তাকাচ্ছে, কেউ বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে পুরস্কার। পাশে দাঁড়িয়ে বাবা-মায়ের চোখে গর্বের ঝিলিক। ছোট্ট এই অর্জন যেন তাদের কাছে শুধু একটি বৃত্তি নয়—বড় স্বপ্ন দেখার সাহস।একেকটি মুখে একেকটি স্বপ্ন। কারও চোখে চিকিৎসক হওয়ার আকাঙ্ক্ষা, কেউ হতে চায় প্রকৌশলী, কেউবা শিক্ষক কিংবা দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখে। সেই স্বপ্নের পথচলায় মেধা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এবার সম্মাননা পেল বাগেরহাটের মোরেলগঞ্জের

মডেল একাডেমির ৪২ শিক্ষার্থী। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে এসব শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। তাদের মধ্যে একজন শিক্ষার্থী সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে মোরেলগঞ্জের জন্য গৌরব বয়ে এনেছে।

কৃতী শিক্ষার্থীদের এই অসামান্য সাফল্য উদযাপনে শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় মোরেলগঞ্জ মডেল একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয় বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দ ও উৎসাহের মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম, বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে মোরেলগঞ্জ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার নাহিদ মাহমুদ রুবেল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. সুলতান আহম্মেদ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ ছবির আহম্মেদ, অধ্যক্ষ ড. রুহুল আমীন, পৌর জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেআরা হাসি, প্রধান শিক্ষক হারুন অর রশীদ, অধ্যক্ষ মিজানুর রহমান, শিক্ষক মেরাজুল ইসলাম খসরু, শহিদুল ইসলামসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আলীম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “মেধাবী এ প্রজন্মকে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নেতৃত্ব দিতে হবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। সাংস্কৃতিক চর্চার প্রতিও গুরুত্ব দিতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

অনুষ্ঠানে জানানো হয়, মোরেলগঞ্জ মডেল একাডেমি থেকে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মাধ্যমে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় প্রাক-প্রাথমিক থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত মোট ৪২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে একজন শিক্ষার্থী সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে, যা প্রতিষ্ঠানটির জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

শিক্ষার্থীদের এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টারও প্রতিফলন। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতাই শিক্ষার্থীদের এমন সাফল্যের পথে এগিয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কৃতী শিক্ষার্থীদের এমন অর্জনে মোরেলগঞ্জ মডেল একাডেমিতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে এবং মোরেলগঞ্জের শিক্ষা অঙ্গনে ইতিবাচক প্রতিযোগিতা ও মেধাচর্চার পরিবেশ আরও শক্তিশালী করবে—এমন প্রত্যাশা স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের।

আরো