মোরেলগঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৬৫ জন শিক্ষার্থী

এইচ, এম, শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেজি শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে এ বৃত্তি পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন রিয়াজ, সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,হল পরিদর্শক নাহিদ ইসলাম এবং সচিব মোহাম্মদ আব্দুল ওহাবের তত্ত্বাবধানে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মোরেলগঞ্জ মডেল একাডেমি, দি লাইসিয়াম অ্যাকাডেমি, জেকে একাডেমি, সুন্দরবন প্রি-ক্যাডেট একাডেমি,সোনাখালী বিদ্যানিকেতন একাডেমি, আল-হেরা একাডেমি, পোলেরহাট আদর্শ একাডেমি, রায়েন্দা ভাষানী কিন্ডারগার্টেন একাডেমি, সন্ন্যাসী রাজিয়া একাডেমি, ফাতেমা তুজ জোহরা একাডেমি ও শুভ বিদ্যা নিকেতনসহ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন।

এদিকে, বৃত্তি পরীক্ষায় মোরেলগঞ্জ মডেল একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে দৃষ্টিনন্দন। প্রতিষ্ঠানের পরিচালক নাহিদ ইসলামের নেতৃত্বে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের ভ্যানগাড়িযোগে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সরকারি বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। নির্ধারিত নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণ শেষে একইভাবে শৃঙ্খলার সঙ্গে তারা কেন্দ্র ত্যাগ করে। শিক্ষার্থীদের এমন সুশৃঙ্খল যাতায়াত ও দলগত ব্যবস্থাপনা উপস্থিত অভিভাবক ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নিয়ম-নীতি মেনে চলা এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার এমন চিত্র ছিল অন্যদের জন্যও প্রশংসনীয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিভা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

পরীক্ষা চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে কেন্দ্র এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরো