মোড়েলগঞ্জে নারী নেত্রীর বিরুদ্ধে মামলা-হয়রানির অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শাহনাজ বেগমের বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে মিথ্যা মামলা ও নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, পূর্ব চিপা বারইখালী এলাকার আব্দুল মজিদ বয়াতির কন্যা শাহনাজ বেগম আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমানে স্থানীয় বিএনপি নেতাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলে এলাকায় প্রভাব বিস্তার করছেন এবং আগের মতোই থানা ও আদালতে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছেন। এর প্রতিবাদ করলে তিনি প্রাণনাশ ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

ভুক্তভোগী খাউলিয়া গাজী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. ইউনুস শিকদার অভিযোগ করে বলেন, “শাহনাজ বেগম ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হওয়া সত্ত্বেও বর্তমানে স্থানীয় বিএনপি নেতাদের ম্যানেজ করে এলাকায় দাপটের সাথে চলাফেরা করছেন। রাত-বিরাতে বিভিন্ন লোকজনের তার বাড়িতে আসা-যাওয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। কিন্তু মামলার ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। প্রতিবাদ করলে তিনি ঘর পুড়িয়ে দেওয়া ও হত্যার হুমকি দেন।”

স্থানীয় বাসিন্দা মোবারক আলী হাওলাদারের কন্যা রেনু বেগম বলেন, “শাহনাজ বেগম আমাদের বিরুদ্ধে দুটি মামলা দিয়েছেন। এছাড়া আমার জানামতে তিনি স্থানীয় জামাল উদ্দিনের নামে তিনটি, রিনা আক্তারের নামে ছয়টি এবং আলম হাওলাদারের নামে চারটি মামলা দায়ের করেছেন। জাল দলিল করে সম্পত্তি দখলের অভিযোগেও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। মূলত মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করাই তার পেশা।”

আরেক ভুক্তভোগী আলম হাওলাদার অভিযোগ করেন, “জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শাহনাজ বেগম আমার ১০৫ বছর বয়সি অসুস্থ পিতা মোসলেম আলীসহ পরিবারের সদস্যদের নামে একাধিক মিথ্যা মামলা দিয়েছেন। যদিও তদন্তে তার সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি আমাদের একাধিকবার হত্যা ও ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। প্রশাসনের উচিত বিষয়টি সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।”

এলাকাবাসী জানান, বিগত সরকারের আমলে ইউপি সদস্য থাকাকালে শাহনাজ বেগম ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষদের ওপর নির্যাতন চালিয়েছেন। বর্তমানেও তিনি স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একই কায়দায় সাধারণ মানুষকে হয়রানি করে চলেছেন। অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহনাজ বেগম সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আওয়ামী লীগের নেত্রী ছিলাম কিনা জানিনা। আমি মেম্বার ছিলাম “আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মূলত জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি মহল আমাকে সামাজিকভাবে হেয় করতে এসব অপপ্রচার চালাচ্ছে। আমি কাউকে কোনো হুমকি দেইনি বা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিনি।”
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, “কারও বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বা হুমকির সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ কোনো ব্যক্তির প্রভাবে প্রভাবিত হয়ে মামলা নেয় না, প্রতিটি বিষয় যাচাই-বাছাই করেই পদক্ষেপ নেওয়া হয়।”

আরো