বাগেরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের স্বাধীনতা উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরাজিত শক্তির ইশারায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত এবং দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়ানো হচ্ছে বলেও তারা দাবি করেন।

তারা বলেন, বিএনপির মূল শক্তি বন্দুক, ককটেল বা রিভলবার নয়; দেশের সাধারণ জনগণই দলের মূল চালিকাশক্তি। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র রাজপথে মোকাবিলার কথাও জানান তারা।

আরো